রাজনীতি

ক্ষমতায় গেলে নোয়াখালী বিভাগ করার ঘোষণা জামায়াত আমিরের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৫:০৪ পিএম

ক্ষমতায় গেলে নোয়াখালী বিভাগ করার ঘোষণা জামায়াত আমিরের
জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগে উন্নীত করা এবং সিটি করপোরেশন প্রতিষ্ঠার দাবি ধাপে ধাপে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ অঙ্গীকার করেন দলের আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, নোয়াখালীর মানুষ বিভাগ ও সিটি করপোরেশন চায়। জামায়াত ক্ষমতায় গেলে ইনসাফভিত্তিক শাসনের মাধ্যমে জনগণের এই ন্যায্য দাবিগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে, ইনশাআল্লাহ।

ডা. শফিকুর রহমান আরও জানান, নোয়াখালীর উন্নয়নে হাতিয়া, কোম্পানীগঞ্জ ও সুবর্ণচর এলাকায় নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কোম্পানীগঞ্জ-ছোট ফেনী নদীতে ক্লোজার নির্মাণ এবং সোনাপুর থেকে হাতিয়া চেয়ারম্যানঘাট পর্যন্ত রেলপথ সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

জনসভায় জামায়াত আমির বলেন, যারা প্রকৃত অর্থে দেশকে ভালোবাসে, তাদের হাতেই দেশ নিরাপদ থাকতে পারে। অন্যথায় অপকর্ম ও অবিচারের কারণে দেশের ভবিষ্যৎ আরও ঝুঁকির মুখে পড়বে। তিনি দাবি করেন, দেশের মানুষ বিষয়টি বুঝতে পেরেছে বলেই ন্যায় ও ইনসাফের পক্ষে সারা দেশে জনসমর্থনের জোয়ার সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, বিশেষ করে জুলাইযোদ্ধা যুবসমাজ ১৩ তারিখের পর একটি নতুন বাংলাদেশ দেখার প্রত্যাশায় আছে। যুবকদের সামনে এখন স্পষ্ট সিদ্ধান্ত—তারা আধিপত্যবাদের পক্ষে থাকবে, নাকি তার বিরুদ্ধে যারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে তাদের পাশে দাঁড়াবে।

সমাবেশের এক পর্যায়ে ডা. শফিকুর রহমান নোয়াখালীর ছয়টি আসনে জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান এবং বিজয় নিশ্চিত করে ঘরে ফেরার অনুরোধ করেন। পরে তিনি জামায়াতের চারজন প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা এবং জোটের দুই প্রার্থীর হাতে শাপলা কলি তুলে দিয়ে জনতার সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেন।