রাজনীতি

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ, যা জানালেন জামায়াত আমির


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৭ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ, যা জানালেন জামায়াত আমির
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নেই, যা জানালেন জামায়াত আমির। ছবি: সংগৃহীত

আজ থেকে শুরু হয়েছে আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ। তবে ইতিহাসে প্রথমবারের মতো এই বৈশ্বিক ক্রিকেট আসরে অংশ নিচ্ছে না বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত সফরে অপারগতা প্রকাশের পর বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশকে শুধু বঞ্চিতই করা হয়নি, বরং দেশের ক্রিকেটার ও পুরো জাতিকেই অপমান করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ প্রতিক্রিয়া জানান।

স্ট্যাটাসে তিনি লেখেন, “প্রিয় ক্রিকেটপ্রেমী বন্ধুরা, আজ আইসিসি টি-২০ বিশ্বকাপ শুরু হলো। এমন দিনে স্বাভাবিকভাবেই আমাদের চোখ থাকত টিভি স্ক্রিনে। সবাই অপেক্ষা করতাম টাইগারদের মাঠের লড়াই আর বিজয়ের আনন্দ দেখার জন্য।”

তিনি আরও লেখেন, “দুঃখজনকভাবে, এই আন্তর্জাতিক মঞ্চে আজ বাংলাদেশের অংশগ্রহণের কথা থাকলেও আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছি। এতে আমাদের ক্রিকেটারদের পাশাপাশি পুরো জাতিকেই অপমান করা হয়েছে। লাল-সবুজের পতাকা নিয়ে উল্লাস করার যে মুহূর্ত, সেখান থেকে আমাদের পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে।”

বাংলাদেশের ক্রিকেটারদের উদ্দেশে সমবেদনা জানিয়ে জামায়াত আমির বলেন, “প্রিয় ক্রিকেটার ভাইয়েরা, আমি তোমাদের সঙ্গে সমব্যথী। দেশের মর্যাদা ও জাতির স্বপ্নের সঙ্গে কোনো আপস হতে পারে না। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে আমরা মাথা নত করতে পারি না।”

ডা. শফিকুর রহমান দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি দৃঢ়ভাবে বলতে চাই-বাংলাদেশকে আমরা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে মর্যাদার আসনে পুনরায় নিয়ে যাব, ইনশাআল্লাহ।”

স্ট্যাটাসের শেষাংশে তিনি উল্লেখ করেন, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ আবারও মাথা উঁচু করেই ফিরে আসবে। তার ভাষায়, “বাংলাদেশ ফিরবে মাথা উঁচু করে-গর্ব নিয়ে, শক্তি নিয়ে এবং সম্মান নিয়ে।”