রাজনীতি

কোনো ধরনের পাতানো নির্বাচন মেনে নেবে না জামায়াত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৯ পিএম

কোনো ধরনের পাতানো নির্বাচন মেনে নেবে না জামায়াত
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। ছবি: সংগৃহীত

কোনো ধরনের পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না জামায়াতে ইসলামী—এমন অবস্থানের কথা জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি অভিযোগ করেন, প্রশাসনের উচ্চপর্যায়ের একটি অংশ পক্ষপাতমূলক ভূমিকা পালন করছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

এর আগে সকাল ১১টার দিকে জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে ইইউ’র ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় কার্যালয়ে আসে। প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে তারা নির্বাচনের সার্বিক প্রস্তুতি, পরিবেশ এবং কোনো ধরনের হুমকি বা ঝুঁকি রয়েছে কি না—সে বিষয়ে জানতে চায়।

বৈঠক শেষে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা হয়নি। প্রশাসনের একটি প্রভাবশালী অংশ পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেন তিনি। এই পরিস্থিতির পরিবর্তন না হলে জামায়াত তাদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করবে বলেও জানান।

এ সময় নির্বাচন কমিশনকে দুর্বল উল্লেখ করে জুবায়ের বলেন, ইসিকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের তৎপরতা বাড়ানোর আহ্বান জানান তিনি, যাতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক না ছড়ায়।

তিনি আরও অভিযোগ করেন, জামায়াতের নির্বাচনী কার্যক্রমে নানা ধরনের বাধা ও হয়রানি করা হচ্ছে এবং ইতোমধ্যে দলের ১৫টি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।