রাজনীতি
রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করা হয়েছে: সাদিক কায়েম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাষ্ট্রযন্ত্রের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি অভিযোগ করেছেন, সমগ্র রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করে নির্বাচনের ফলাফল প্রভাবিত করার চেষ্টা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি দাবি করেন, ভোটগ্রহণ শেষ হওয়ার পর সন্ধ্যা থেকেই দেশের বিভিন্ন আসনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণে হঠাৎ পরিবর্তন দেখা যায়। তার ভাষ্য অনুযায়ী, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে একাধিক আসনে জনরায় বদলে দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে।
তিনি বিশেষভাবে ঢাকা-৮, ১৩ ও ১৭ নম্বর আসনসহ কয়েকটি আসনের ফলাফল বিলম্বিত করার অভিযোগ তোলেন। একই সঙ্গে ঢাকা-৪ ও ১৬ আসনের ফল ঘোষণা হওয়ার পর তা স্থগিত রাখার ঘটনাকেও প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করেন। তার দাবি, এসব ঘটনায় জনমতের প্রতিফলন বাধাগ্রস্ত হয়েছে।

সাদিক কায়েম আরও বলেন, সব আসনের ফলাফল ঘোষণার আগেই কিছু শীর্ষ জাতীয় গণমাধ্যম একটি নির্দিষ্ট দলকে ২০০-এর বেশি আসনে বিজয়ী হিসেবে প্রচার করেছে, যা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে তিনি মনে করেন।
তিনি বাংলাদেশ নির্বাচন কমিশন-এর প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি আসনের সঠিক ও পূর্ণাঙ্গ ফলাফল জাতির সামনে প্রকাশ করা উচিত। তার মতে, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে আরেকটি বিতর্কিত নির্বাচন আয়োজন করে ক্ষমতা হস্তান্তর করা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক হবে।