রাজনীতি

বিরোধীদলীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান, উপনেতা নাহিদ ইসলাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৪ পিএম

বিরোধীদলীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান, উপনেতা নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে ৭৭টি আসন নিয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোট। জোটের শীর্ষ নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হচ্ছেন-এ বিষয়টি প্রায় চূড়ান্ত।

জোটসূত্র জানায়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম-কে বিরোধীদলীয় উপনেতা করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ, হুইপ ও ডেপুটি স্পিকার পদে কারা থাকবেন-তা নিয়েও আলোচনা চলছে।

সদ্যসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী এককভাবে পেয়েছে ৬৮টি আসন। এনসিপি ৬টি এবং খেলাফত মজলিস ৩টি আসন লাভ করে। সব মিলিয়ে ১১-দলীয় জোটের মোট আসন দাঁড়িয়েছে ৭৭টি।

এ ছাড়া ইসলামী আন্দোলনের একজন এবং সাতজন স্বতন্ত্র সংসদ সদস্য বিরোধী দলের আসনে বসছেন।

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার করা হতে পারে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন-কে। তিনি পাবনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ বিষয়ে জোটের ভেতরে আলোচনা প্রায় শেষ পর্যায়ে।

বিরোধীদলীয় চিফ হুইপ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। হুইপ পদে এনসিপির কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহর নামও আলোচনায় রয়েছে।

এনসিপির একটি সূত্র জানিয়েছে, নির্বাচনকালীন সময় শেষ হওয়ায় জোট ছাড়ার বিষয়ে দলটির ভেতরে চাপ বাড়ছে। তবে শীর্ষ নেতারা আপাতত জোট বজায় রাখার পক্ষেই রয়েছেন।

কোনো কারণে এনসিপি জোটে না থাকলে জামায়াতের নায়েবে আমিরদের মধ্য থেকে একজনকে বিরোধীদলীয় উপনেতা করা হতে পারে।

এদিকে, নির্বাচন–পরবর্তী সময়ে জামায়াত ও এনসিপির পক্ষ থেকে ছায়া সংসদ ও ছায়া মন্ত্রিসভা গঠনের আলোচনা চলছে। যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার সংসদীয় ব্যবস্থার আদলে এই ‘শ্যাডো ক্যাবিনেট’ সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ, সমালোচনা ও বিকল্প প্রস্তাব দেওয়ার দায়িত্ব পালন করবে।

জোট নেতারা জানান, ছায়া মন্ত্রিসভায় বিরোধী দলের একেকজন সদস্য নির্দিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। তবে এখনো কারা থাকবেন-সে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

এ প্রসঙ্গে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. হাফিজুর রহমান বলেন, “অনেক বিষয়েই আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।”