রাজনীতি

শাসক বদলেছে, শোষণ বদলায়নি: শফিকুর রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১০:২৭ পিএম

শাসক বদলেছে, শোষণ বদলায়নি: শফিকুর রহমান
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। ছবি: সংগৃহীত

দেশে সরকার পরিবর্তন হলেও জনগণের ওপর শোষণের ধারা এখনো অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হলেও বাস্তবে জনগণের প্রত্যাশা পুরোপুরি প্রতিফলিত হচ্ছে না।

বুধবার (২৫ মার্চ) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায়  এ কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, সরকারের সঙ্গে জনগণের বাস্তব অভিজ্ঞতার মধ্যে ব্যবধান রয়েছে। মন্ত্রীদের অনেকের অভিজ্ঞতার ঘাটতির কথাও তুলে ধরে তিনি বলেন, “বাস্তবে সংকট থাকুক বা না থাকুক, মানুষ যেটা অনুভব করে সেটাই আসল বাস্তবতা।”

তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার ভালো কাজ করলে সহযোগিতা করা এবং ভুল করলে বিরোধিতা করাই স্বাভাবিক। তার ভাষায়, “আমরা চাই সরকার সফল হোক। কিন্তু সরকার যদি জনগণের প্রত্যাশা থেকে সরে যায়, তাহলে সমালোচনা করতেই হবে।”

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন অলি আহমেদ। তিনি বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, যা এখনো পুরোপুরি অর্জিত হয়নি। তিনি প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার, সাইফুল আলম খান মিলন এবং মোবারক হোসাইন। বক্তারা স্বাধীনতার চেতনা বাস্তবায়ন, বৈষম্য দূরীকরণ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন।