রাজনীতি
নৈতিক দায়িত্ব পালন করতে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসেছি: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে বলেন, আমরা একটা নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। এটি রাষ্ট্রের একটা সর্বোচ্চ আচার, সবার মতো আমরা শ্রদ্ধা জানাতে এসেছিলাম।
বৃহস্পতিবার (২৬ মার্চ) জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের জন্য মোনাজাত করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
শফিকুর রহমান সাংবাদিকদের জানান, আমরা দেশের সার্বভৌমত্ব, শান্তি এবং স্বাধীনতার জন্য আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেছি। দেশের মানুষকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং একসাথে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, “আমরা চাই একটি অহিংস, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ে উঠুক।”
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে জামায়াতের অন্যান্য শীর্ষ নেতৃত্বও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি।