রাজনীতি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইসলাম বিদ্বেষী: আমির হামজা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১২:১৮ পিএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইসলাম বিদ্বেষী: আমির হামজা
আমির হামজা। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেছেন।

শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুম্মার নামাজের খুতবার আগে আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

আমির হামজা বলেন, ‘এখন জ্বালানী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একজন নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী। আপনি যদি বলেন উনি জামায়াত ইসলামী বিদ্বেষী, চরমোনাই পীরের বিদ্বেষী! না, উনি আপাদমস্তক ইসলাম বিদ্বেষী। উনার বক্তব্য কালকে দেখেছেন? এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। মুক্তিযুদ্ধ হয়েছে কেন আপনি বলেন তো? মুক্তিযোদ্ধা এখনো বেঁচে আছে, আপনি তাদেরকে জিজ্ঞেসা করেন তারা ইসলাম বিদ্বেষী কি না। তারা ধর্ম বিদ্বেষী কি না।’

এছাড়া তিনি উদাহরণ দিয়ে বলেন, মজমপুর, বিআরবি কেবল ও মন্ডল ফিলিং স্টেশনে তেলের ঘাটতি ও অনিয়ম স্পষ্টভাবে দেখা যায়। মুফতি আমির হামজা বলেন, “৫ লিটারের বেশি তেল দেওয়া হয় না জেনারেটর চালাতে। সাধারণ মানুষ, বিশেষ করে হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠান মারাত্মক সমস্যার সম্মুখীন।”এই হাহাকার ও সমস্যার মূল কারণ হল অযোগ্য ও অদক্ষ কর্মকর্তা নিয়োগ। তার বক্তব্য অনুযায়ী, যোগ্য ও মানুষের প্রতি দায়বদ্ধ যারা থাকতেন, পরিস্থিতি এতটা দারুণ হতো না।