রাজনীতি

তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই: জামায়াত আমির


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১০:০৩ পিএম

তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই: জামায়াত আমির
ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

দেশে চলমান জ্বালানি সংকট নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন,  “এনার্জিতে এখন হাহাকার। তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই।”

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানিসংকটের প্রভাব: উত্তরণের উপায়’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন এলাকায় মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও জ্বালানি সংগ্রহ করতে পারছে না। অন্যদিকে, কালোবাজারে দ্বিগুণ থেকে তিনগুণ দামে তেল বিক্রি হচ্ছে। তাঁর মতে, একটি শক্তিশালী সিন্ডিকেটের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে, যদিও মাঝে মাঝে অভিযান চালানো হলেও স্থায়ী সমাধান আসছে না।

তিনি আরও বলেন, সংসদে মন্ত্রীরা বা সরকারি দলের সদস্যরা যখন বক্তব্য দেন, তখন মনে হয় দেশে জ্বালানির কোনো সংকট নেই, বরং প্রাচুর্য রয়েছে।

জ্বালানি সংকট মোকাবিলায় তিনি সরকারকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব বিবেচনায় রেখে অন্তত ৬০ থেকে ৯০ দিনের জ্বালানি মজুত নিশ্চিত করার আহ্বান জানান।

ক্ষমতাসীনদের বিরুদ্ধে সিন্ডিকেট পোষণের অভিযোগ তুলে তিনি বলেন, বিশ্ব যখন ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাচ্ছে, তখন বাংলাদেশে সে ধরনের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।