রাজনীতি

আন্দোলন শুরু হয়ে গেছে: ডা. শফিকুর রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পিএম

আন্দোলন শুরু হয়ে গেছে: ডা. শফিকুর রহমান
ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে একটি আন্দোলন শুরু হয়েছে এবং সেটিকে ধাপে ধাপে সফলতার দিকে নিয়ে যেতে হবে।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি’ শীর্ষক এক জাতীয় সেমিনারে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে ১১ দলীয় ঐক্য।

সেমিনারে সরকারের নীতিগত অবস্থান নিয়ে সমালোচনা করে তিনি বলেন, এক সময় গণভোটকে হারাম বলা হলেও পরে আবার সেটিকে আংশিকভাবে গ্রহণযোগ্য বলা হচ্ছে—যা জনগণকে বিভ্রান্ত করছে। তার দাবি, সংসদে বিরোধী কণ্ঠকে দমিয়ে রাখার চেষ্টা করা হলেও তারা নিজেদের অবস্থান থেকে সরেননি এবং জনগণের অধিকার আদায়ে কথা বলে যাচ্ছেন।

তিনি আরও বলেন, সংসদে গিয়ে তারা কোনো সুবিধা ভোগের জন্য যাননি; বরং যেসব সুবিধা বাধ্যতামূলক নয়, সেগুলো গ্রহণ থেকে বিরত থাকার অবস্থান নিয়েছেন। তার ভাষায়, জনগণের অধিকার রক্ষার প্রশ্নে তারা আপসহীন।

ডা. শফিকুর রহমান দাবি করেন, সাম্প্রতিক গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শহীদদের একটি বড় অংশ শ্রমজীবী মানুষ। তার মতে, এই আন্দোলন কেবল শিক্ষার্থী বা রাজনীতিবিদদের নয়, বরং সাধারণ মানুষের অধিকার ও পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন।

তিনি সংসদের বর্তমান পরিস্থিতিকে ‘জুলাই প্রোডাক্ট’ হিসেবে উল্লেখ করে বলেন, এই প্রেক্ষাপটের অস্তিত্ব থাকলেই রাজনৈতিক কাঠামো টিকে আছে। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিলে কোনো পক্ষই সফল হতে পারবে না।

সেমিনারে আরও বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, যার মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীর বিক্রম।