রাজনীতি

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে এ দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পিএম

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে এ দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির
ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশের ব্যাংকিং খাত, বিশেষ করে ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশের বৃহত্তম ব্যাংক ইসলামী ব্যাংকের অস্তিত্ব যদি বিপন্ন হয়, তবে বাংলাদেশের অর্থনীতি বঙ্গোপসাগরে চলে যাবে।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইডিবি)-তে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এ কথা বলেন। ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

শফিকুর রহমান বলেন,বাংলাদেশ ব্যাংক কুক্ষিগত করার পরে এখন দেশের সবচাইতে বড় ব্যাংক ইসলামী ব্যাংকে আবার নতুন করে 'অভ্যুত্থান' শুরু হয়েছে। যে ব্যাংক দেশের রেমিটেন্সের শতকরা ৩২ ভাগ একা আহরণ করে, এই ব্যাংকের যদি অস্তিত্ব বিপন্ন হয়, তবে বাংলাদেশের অর্থনীতি বঙ্গোপসাগরে চলে যাবে।

তিনি আরও বলেন, ব্যাংকিং খাতসহ সব অর্থনৈতিক প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা জরুরি। অন্যথায় জনগণ এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাবে।

সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, তারা শুধুমাত্র রাজনৈতিক পরিবর্তন নয়, বরং সামগ্রিক সংস্কারের লক্ষ্য নিয়ে কাজ করছেন। তার মতে, শিক্ষা, অর্থনীতি ও প্রশাসনসহ বিভিন্ন খাতে যেকোনো ধরনের অনিয়ম বা অপসংস্কৃতির বিরুদ্ধে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে আন্দোলন শুরু হয়েছে এবং তা ন্যায্য দাবির ভিত্তিতে পরিচালিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। একইসঙ্গে তিনি রাজনৈতিক পরিস্থিতিকে ‘জুলাই আন্দোলনের প্রভাব’ হিসেবে উল্লেখ করে বলেন, এই প্রেক্ষাপট উপেক্ষা করে কোনো রাজনৈতিক কাঠামো টিকে থাকতে পারবে না।