রাজনীতি

বৈশাখী শোভাযাত্রার আয়োজন করলো জামায়াতে ইসলামী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০১:০৩ পিএম

বৈশাখী শোভাযাত্রার আয়োজন করলো জামায়াতে ইসলামী
ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশীয় সংস্কৃতি সংরক্ষণ ও বিজাতীয় প্রভাব প্রতিরোধের আহ্বান জানিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়। আয়োজনটি করা হয় দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে।

শোভাযাত্রায় নারী, শিশু ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা গ্রামীণ ঐতিহ্যের প্রতীক হিসেবে পলো, ঢেঁকি, খেওয়া জাল, কুলসহ নানা লোকজ উপকরণ নিয়ে শোভাযাত্রায় যুক্ত হন। শিশুদের বাঙালিয়ানার পোশাকে উপস্থিতি পুরো আয়োজনকে আরও উৎসবমুখর করে তোলে।

শোভাযাত্রার সময় জারি, সারি, ভাটিয়ালি ও দেশাত্মবোধক গানের পরিবেশনার মাধ্যমে নববর্ষের আবহ তৈরি হয়। অংশগ্রহণকারীরা সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করেন।

শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দেশীয় সংস্কৃতি চর্চা জোরদার করার ওপর গুরুত্ব দেন। তারা বলেন, পশ্চিমা ও বিদেশি সংস্কৃতির প্রভাব থেকে দেশীয় ঐতিহ্য রক্ষা করা জরুরি এবং হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতি পুনরুদ্ধারে উদ্যোগ নেওয়া উচিত।

বক্তারা আরও বলেন, সমাজে এমন সংস্কৃতি পরিহার করা প্রয়োজন, যা ধর্মীয় মূল্যবোধ ও শরিয়াহর পরিপন্থী বলে তারা মনে করেন।

সব মিলিয়ে নববর্ষের এই আয়োজনকে দেশীয় সংস্কৃতি তুলে ধরার একটি প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন অংশগ্রহণকারীরা।