রাজনীতি

জামায়াতে যোগ দিলেন ৬৫০ জন, তালিকায় সাবেক বিচারপতি-সেনা কর্মকর্তা-কওমি আলেম ও ফুটবলার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পিএম

জামায়াতে যোগ দিলেন ৬৫০ জন, তালিকায় সাবেক বিচারপতি-সেনা কর্মকর্তা-কওমি আলেম ও ফুটবলার
ছবি: সংগৃহীত

সাবেক বিচারপতি, বুদ্ধিজীবী, আইনজীবী, ব্যবসায়ী, সাবেক সেনা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, কওমি আলেম, জাতীয় দলের সাবেক ফুটবলার এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ ৬৫০ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক দাওয়াতি সমাবেশে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এ দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নতুন যোগদানকারীদের ফুল ও ইসলামিক বই উপহার দিয়ে বরণ করে নেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি। অনুষ্ঠানে জামায়াতে যোগ দেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের পরিচয় তুলে ধরা হয় এবং তাদের আনুষ্ঠানিকভাবে সংগঠনে স্বাগত জানানো হয়।

নতুন যোগদানকারীদের মধ্যে রয়েছেন সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. এএসএম খালেকুজ্জামান, সাবেক সেনা কর্মকর্তা কর্নেল ফারুক হোসাইন, বাংলাদেশ পুলিশের সাবেক এসপি ওবায়দুল হক এবং জাতীয় দলের সাবেক ফুটবলার ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা সেলিম আহমেদ।

এ ছাড়া বিশিষ্ট ব্যবসায়ী আবুল আয়েশ খান, মো. ফিরোজ আলম খান, সিনহা এ খালিদ, হাজী শাহ আলম, আবদুর রাজ্জাক সোহাগ এবং ডা. হুমায়ন কবিরও এদিন জামায়াতে যোগ দেন।

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্য থেকেও কয়েকজন জামায়াতে যোগ দিয়েছেন বলে অনুষ্ঠানে জানানো হয়। তাদের মধ্যে রয়েছেন বংশাল থানার ২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব সরকার, ২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মুশফিকুর রহমান বাবু, ৭৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা হাজী আলতাব হোসেন, ৩৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাবেদ ওমর এবং ৩২ নম্বর ওয়ার্ডের সমাজসেবক মোছলেহ উদ্দিন আহমেদ।

ধর্মীয় অঙ্গনের ব্যক্তিদের মধ্যেও বেশ কয়েকজন জামায়াতে যোগ দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন গেন্ডারিয়া লাল খাঁ সিটি মসজিদের সেক্রেটারি নেয়ামত উল্লাহ কোল্লল এবং বাংলাদেশ নূরানী শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন।

কওমি আলেমদের মধ্যে রয়েছেন মুফতি আবুল কালাম আজাদ মাদানী, মাওলানা এনামুল হক আজাদী, মাওলানা আব্দুর রহমান আল হাবিবী, মাওলানা মো. জসিম উদ্দিন (রসুলপুরী) এবং মাওলানা হাসান জামিলসহ অনেকে।

সমাবেশে বক্তব্য দেন জামায়াতে যোগ দেওয়া অ্যাডভোকেট ড. এএসএম খালেকুজ্জামান, সাবেক বিচারপতি অ্যাডভোকেট সৈয়দ শাহিদুর রহমান, মুফতি আবুল কালাম আজাদ মাদানী, বিশিষ্ট ব্যবসায়ী আবুল আয়েশ খান এবং বংশাল থানার ২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব সরকার।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি ও সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির এবং অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

এ ছাড়া কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপিও বক্তব্য দেন।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপিসহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশা ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিদের অংশগ্রহণের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। দলটির পক্ষ থেকে নতুন যোগদানকারীদের সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।