রাজনীতি
এ দেশে কোরআনের বিধান ও আইন প্রতিষ্ঠিত হবে: জামায়াত আমির
বাংলাদেশে কোরআনের বিধান ও আইন প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ মিলনায়তনে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত দাওয়াতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আল্লাহর আইন বাস্তবায়নের প্রক্রিয়ায় সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, দেশ মুক্ত হবে এবং কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে। তবে সেই প্রক্রিয়ায় সবাইকে অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘এ দেশ মুক্ত হবে, এ দেশে ইনশাআল্লাহ কোরআনের আইন কায়েম হবে। তবে প্রশ্ন হচ্ছে, আপনাকে-আমাকে নিয়ে, নাকি আপনাকে-আমাকে বাদ দিয়ে আল্লাহর আইন কায়েম হলো? আমরা যদি তার সঙ্গী হতে না পারলাম, আমরা কি সৌভাগ্যবান হব? আল্লাহ তাআলা সেই সৌভাগ্যটা যেন আমাদের দান করেন।’
সমাবেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন তৈরি করে সমাজকে অশান্তির দিকে ঠেলে দেওয়া হবে না। বিভেদহীন সমাজ বিনির্মাণই ইসলামের শিক্ষা এবং জামায়াত বাস্তব কাজের মাধ্যমে তা প্রমাণ করবে বলেও উল্লেখ করেন তিনি।
কওমি মাদ্রাসাসংশ্লিষ্টদের বিষয়ে দলের অবস্থান তুলে ধরে জামায়াত আমির বলেন, তারা কওমি জনগোষ্ঠীকে পৃথক কোনো সত্তা হিসেবে দেখেন না। তাদের প্রতি দলের আন্তরিকতা রয়েছে।
সংসদে কওমি জনগোষ্ঠীর অধিকার নিয়ে কথা বলাকে নিজেদের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, কোনো ব্যক্তি বা সমাজের একটি অংশকে খুশি করার জন্য নয়, বরং বিবেকের দায়বদ্ধতা থেকেই তারা এ বিষয়ে কথা বলেন এবং ভবিষ্যতেও বলে যাবেন।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি আব্দুল মান্নান, কর্মপরিষদ সদস্য জয়নুল আবেদিন এবং সাবেক বিচারপতি সাঈদ শাহেদুর রহমানসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।