রাজনীতি
১৯ সেপ্টেম্বর দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
আগামী ১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, জাতির সঙ্গে দেওয়া ওয়াদা সরকার পালন করেনি এবং জনগণের গণরায় উপেক্ষা করা হয়েছে। সংসদে বিল পাসের সময় জামায়াতে ইসলামী তাদের মতামত জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, কয়েকটি বিষয় ছাড়া তাদের মতামত আমলে নেওয়া হয়নি। রাজনৈতিক নেতারা যদি ভোটের জন্য প্রতিশ্রুতি দিয়ে থাকেন, তাহলে তা প্রতারণার শামিল।
জামায়াত আমির বলেন, ১৯৭১ সালে নির্বাচনের ফলাফল পাকিস্তানের শাসকগোষ্ঠী মেনে না নেওয়ার পর মুক্তিযুদ্ধ হয়েছিল। জনগণের ভোটের রায় উপেক্ষা করা হলে তারা তা মেনে নেবেন না বলেও জানান তিনি।
সংস্কার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, সংস্কারগুলো বাস্তবায়ন করা হলে কোনো সরকার স্বেচ্ছাচারিতা করতে পারবে না। সরকার সংস্কার বাস্তবায়ন না করলেও তারা জনগণের রায় থেকে সরে দাঁড়াবেন না।
সরকারের কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন, সরকার ভালো কাজ করলে তারা সমর্থন করবেন। অন্যদিকে খারাপ কাজ করলে বিরোধিতা করার পাশাপাশি প্রতিরোধ গড়ে তোলা হবে।
র্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের সিদ্ধান্তেরও সমালোচনা করেন জামায়াত আমির। তার দাবি, র্যাব জাতির সঙ্গে অন্যায় করেছে বলেই তারা বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন। তবে পুরোনো সদস্য ও আগের কার্যক্রম বহাল রেখে নতুন নামে এসআরবি গঠন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া সম্পদ বণ্টন আইন নিয়েও সমালোচনা করেন ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেন, কোরআনের বিধানের বিপরীতে এ আইন করা হয়েছে। এ ধরনের সিদ্ধান্ত ইংরেজ শাসকরাও নেয়নি বলে মন্তব্য করেন তিনি।