রাজনীতি
আমি বিএনপি ছাড়িনি, প্রতিপক্ষ গুজব ছড়াচ্ছে : মনির খান
জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান রাজনীতিতেও সক্রিয় রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক ছিলেন তিনি। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় মনির খানের বিএনপি থেকে পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
গুঞ্জন উড়িয়ে দিয়ে মনির খান বলেন, ‘আমার এলাকার শত্রুপক্ষ এ অপপ্রচার চালাচ্ছে। ২০১৮ সালের বিএনপির সঙ্গে আমার মনোমালিন্যের ঘটনাটিকে আমার শত্রুপক্ষ দুদিন ধরে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে এ মিথ্য তথ্য ছড়াচ্ছে। এ বিষয়ে জানতে অনেকেই আমাকে ফোন করছেন।’
মনির খান আরও বলেন, ‘বিএনপি থেকে নমিনেশন সংগ্রহ করলেই তো আমিই মনোনয়ন পাবো। এ বিষয়টি অনেকের সহ্য হচ্ছে না। বিএনপির সবাই তো আমার বন্ধু বা শুভাকাঙ্ক্ষী নয়। যারা আমার ভালো চায় না, সেই শত্রুপক্ষ এ ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে। মিথ্যা একটা ঘটনাকে আবার নতুন করে ছড়ানো হচ্ছে। ২০১৮ সালে একটা ঘটনার কারণে আমি বিএনপির পদ-পদবি থেকে দূরে সরে এসেছিলাম। আমি তো কখনো বিএনপি থেকে পদত্যাগ করিনি।’
মনির খান আরও জানান, বিএনপির ভেতরের কিছু অসাধু লোক এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। এতে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্যও আহ্বান জানান তিনি।