রাজনীতি
শাহবাগে ‘জুলাই যোদ্ধাদের’ মারামারি আমাদের ব্যথিত করে: এ্যানি
শাহবাগে ‘জুলাই যোদ্ধাদের’ মধ্যে মারামারির ঘটনায় ব্যথিত হওয়ার কথা বলেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শেখ হাসিনার বিরুদ্ধে সবার আন্দোলনের কথা স্মরণ করে তিনি বলেন, “আমি-আপনি-আপনারা, দেশের মানুষ সবাই ‘জুলাই যোদ্ধা’। কিছুসংখ্যক ‘জুলাই যোদ্ধার’ নামে যদি আমাদের বদনাম হয়, তাহলে আমরা আহত হই।
“শাহবাগে ‘জুলাই যোদ্ধাদের’ মারামারি আমাদের ব্যথিত করে। আর আমরা যদি তাদের কারণে কষ্ট পাই, স্বাভাবিক কারণে ফ্যাসিস্ট সেখানে সুযোগ পাবে।”
শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।
চাঁদখালী আব্দুর রব বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সভার লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ্যানি বলেন, “রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে আমাদের জন্য বিপদ আছে। সবাই আবার অত্যাচারিত হবেন, নির্যাতিত হবেন।
“আমি-আপনি অত্যাচারিত হওয়া আর সাধারণ মানুষ অত্যাচারিত হওয়া এক নয়। আমার কারণে কেন সাধারণ জনগণ অত্যাচারিত-নির্যাতিত হবেন। আসুন ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করি। নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করি।”
লাহারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়ার সভাপতিত্বে এতে জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুগ্ম-আহবায়ক শাহ মো. এমরান এবং সদস্যসচিব মোখলেছুর রহমান হারুন উপস্থিত ছিলেন।