রাজনীতি

পিআর পদ্ধতিতে ভোটের জন্য কেউ জুলাইয়ে জীবন দেয়নি: মেজর হাফিজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১১:০১ পিএম

পিআর পদ্ধতিতে ভোটের জন্য কেউ জুলাইয়ে জীবন দেয়নি: মেজর হাফিজ
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, পিআর (প্রতিনিধিত্বমূলক) ভোট পদ্ধতি নয়, বরং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষ জুলাই-আগস্টের গণআন্দোলনে জীবন দিয়েছিল। তাদের স্বপ্ন ছিল একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা।

শনিবার (২ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান’ উপলক্ষে আয়োজিত শহীদ পরিবারকে সম্মান জানানোর এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “গণতন্ত্রের পথে সবচেয়ে সহজ ও গ্রহণযোগ্য সমাধান হলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। পিআর পদ্ধতিতে যদি ভোট হয়, তাহলে দেখা যাবে—ভোলার সংসদ সদস্য হচ্ছেন কুড়িগ্রামের বাসিন্দা। এতে করে জনগণ তাদের এলাকার পরিচিত নেতাকে পাশে পাবে না।”

জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রসঙ্গে মেজর হাফিজ বলেন, “একজন শহীদ পিতা আজ বলেছেন—তাঁর সন্তান যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছে, তা এখনো বাস্তবায়িত হয়নি। এটা খুবই বেদনাদায়ক। কারণ বর্তমান সরকার বা তাদের কেউই ‘জুলাই চেতনা’ ধারণ করেন না।”

সরকারবিরোধী বক্তব্যে তিনি আরও বলেন, “গত ১৫ বছরে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা কেউ শেখ হাসিনার শাসনের সমালোচনা করেননি। প্রধান উপদেষ্টাও নীরব থেকেছেন। কেবল ড. আসিফ নজরুল মাঝেমধ্যে কিছু কথা বলেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি সহ-সম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী আব্দুস সোহবান, এবং এ্যাবের সাবেক মহাসচিব আলমগীর হাসিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।