রাজনীতি
গণ-অভ্যুত্থানে বিজয়ে সেনাবাহিনীর ভূমিকার জন্য ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে জনগণের বিজয় অর্জনে সহযোগিতার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “দেশের সমস্ত মানুষকে, রাজনৈতিক দলগুলোকে, ছাত্র সমাজকে এবং দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতার মাধ্যমেই আমরা এই ঐতিহাসিক বিজয় অর্জন করতে পেরেছি।”
বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ‘গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি’ উপলক্ষে বিজয় র্যালির উদ্বোধনী বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “আমি আমাদের নেতা তারেক রহমানকে সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের নেতৃত্ব দিয়ে মুক্তির পথ দেখিয়েছেন।” তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং পরে তারেক রহমানের নেতৃত্বে আমরা লড়াই করেছি। কারাভোগ করেছি, নির্যাতিত হয়েছি, নিপীড়নের শিকার হয়েছি, কিন্তু কখনো মাথা নত করিনি। সাহসিকতার সঙ্গে সামনে এগিয়ে গিয়েছি।”
বক্তব্যে তিনি নতুন বাংলাদেশের সূচনায় সেনাবাহিনীসহ সকল অংশগ্রহণকারীর অবদানের কথা তুলে ধরে বলেন, “এই বিজয়ের পেছনে সবার মিলিত প্রয়াস ছিল। আমরা সেই সম্মিলিত চেষ্টাকে স্মরণ করি, সম্মান জানাই।
এসময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন।