রাজনীতি
নিরপেক্ষ মানুষও বিএনপির কাছে ভালো কিছু প্রত্যাশা করে: তারেক রহমান
বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিকভাবে নিরপেক্ষ মানুষও এখন বিএনপির দিকেই আশাবাদী দৃষ্টিতে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।
তারেক রহমান বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে। মানুষ চায় সামনের দিনগুলো যেন ভালো হয়। প্রত্যেক নাগরিক চায় বাংলাদেশের একটি ইতিবাচক পরিবর্তন। ৫ আগস্টের পর মানুষের মধ্যে সেই আশাবাদের ছাপ দেখা গেছে। আজ নিরপেক্ষ মানুষরাও বিএনপির কাছে ভালো কিছুর প্রত্যাশা করে।”
দলীয় সংস্কার ও গঠনমূলক রাজনীতির ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, “দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে। গণতন্ত্রের ভিত্তিকে ধীরে ধীরে শক্তিশালী করতে হবে।” তিনি মনে করেন, সঠিক ও স্বচ্ছ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারলে দেশে জবাবদিহিতা ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করা সম্ভব।
রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে ঘোষিত বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, “যেসব সংস্কারের কথা আজ বলা হচ্ছে, বিএনপিই আড়াই বছর আগে সমমনা দলগুলোর সঙ্গে নিয়ে জাতির সামনে তা উপস্থাপন করেছে। এই কর্মসূচি বাস্তবায়নে দেশের সবার সহযোগিতা প্রয়োজন।”
তারেক রহমান আরও বলেন, “আমরা যদি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারি, তাহলে এই ৩১ দফা বাস্তবায়নে কাউকে বাদ দিয়ে নয়—সবার অংশগ্রহণেই রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন সম্ভব।”
এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা করায় দেশের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একজন সন্তান হিসেবে তাদের ধন্যবাদ জানান।