রাজনীতি

ভোট ও ৩১ দফা নিয়ে ষড়যন্ত্র ঠেকাতে সবাইকে সজাগ থাকতে হবে: তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৭:৩৭ পিএম

ভোট ও ৩১ দফা নিয়ে ষড়যন্ত্র ঠেকাতে সবাইকে সজাগ থাকতে হবে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “ভোট আর ৩১ দফা নিয়ে ষড়যন্ত্র চলছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে আগামী নির্বাচন কঠিন হতে যাচ্ছে। অদৃশ্য শক্তি সক্রিয় রয়েছে। এই ষড়যন্ত্র ব্যর্থ করতে হলে সবাইকে সজাগ থাকতে হবে।”

সোমবার (১১ আগস্ট) দুপুরে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় দলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান আরও বলেন, “জনগণ বিএনপিকেই চায়। আমাদের দায়িত্ব এখন আস্থা অর্জনের, ভালোবাসা ধরে রাখার। এমন কিছু করা যাবে না যাতে মানুষের আস্থা হারিয়ে যায়, দল ক্ষতিগ্রস্ত হয়।”

তিনি বলেন, “ভোটের পরের সময়টা আরও বেশি গুরুত্বপূর্ণ। জনগণ চায় স্থিতিশীলতা, চায় ভবিষ্যতের আশ্বাস। সেখানেই বিএনপির দায়িত্বটা সবচেয়ে বড়।” দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, “সুসময়ে অনেক ঘুঘু ঘোরে, তারা যেন বিএনপির সুনাম নষ্ট করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।”

এর আগে দুপুরে নওগাঁ কনভেনশন সেন্টারে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। সম্মেলনের শুরুতে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন এবং স্বাধীনতা যুদ্ধ ও ‘জুলাই আন্দোলনের’ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম এবং এএইচএম ওবায়দুর রহমান চন্দন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে দুপুর দুইটা থেকে গোপন ব্যালটে ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল ছয়টা পর্যন্ত। জেলার ১৪টি ইউনিটের ১,৪১৪ কাউন্সিলর ভোট দিয়ে বেছে নেবেন জেলা বিএনপির নতুন সভাপতি, সাধারণ সম্পাদক এবং দুটি সাংগঠনিক সম্পাদক।

দীর্ঘ ১৫ বছর পর এ সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সম্মেলন উপলক্ষে পুরো নওগাঁ শহর সেজেছে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে। নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর দলে গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরায় তারা আশাবাদী।

দলীয় সূত্রে জানা যায়, ২০১০ সালে সর্বশেষ সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির কমিটি গঠিত হয়েছিল। এরপর দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রম চলেছে আহ্বায়ক কমিটির মাধ্যমে। এবার ভোটের মাধ্যমেই দায়িত্ব পাচ্ছেন নতুন নেতৃত্ব।