রাজনীতি
হাসিনা দেশে ফেরার মাত্র ১৩ দিনের মধ্যেই জিয়াকে হত্যা করা হয়: গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জিয়াউর রহমানের মৃত্যুর সঙ্গে শেখ হাসিনার কোনো সম্পৃক্ততা নেই—এ কথা নিশ্চিতভাবে বলা যায় না। তিনি দাবি করেন, ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফেরার মাত্র ১৩ দিনের মধ্যেই তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়।
মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর পল্টনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হাসান বলেন, “জুলাই শহীদদের স্বপ্ন পূরণে স্বচ্ছ প্রক্রিয়ায় জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে, যেন জনগণ নির্ভয়ে ভোট দিয়ে সরকার গঠন করতে পারে।”
এদিকে, বনানীতে আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কোকো রাজনৈতিক প্রতিহিংসার শিকার। দেশে স্বাভাবিক রাজনীতি থাকলে তার এই অকাল মৃত্যু হতো না।
তিনি অভিযোগ করেন, ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে একটি গোষ্ঠী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে। একই সঙ্গে চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে সরকারকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।