রাজনীতি

আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন: তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৯:১৩ পিএম

আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রতিশোধ ও প্রতিহিংসা নয়, সাহস ও সততার সঙ্গে এগিয়ে গেলে বাংলাদেশের সম্ভাবনার দুয়ার উন্মুক্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নে বিএনপিকে সুযোগ দিতে হবে। এ জন্য আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, "স্লোগাননির্ভর রাজনীতির দিন শেষ। বিএনপি কেবল প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাস করে। দেশের জনগণের শক্তি প্রতিষ্ঠায় এবং একটি সত্যিকারের জনগণের রাষ্ট্র গঠনে সবার সহযোগিতা প্রয়োজন।"

তিনি আরও বলেন, "দেশ-বিদেশের চলমান বাস্তবতায় বিএনপির আগামী দিনের রাজনীতি হবে জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি। আমাদের অন্যতম লক্ষ্য হচ্ছে—তরুণ যুবশক্তিকে প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তিতে রূপান্তর করা, যাতে তারা দেশের জন্য সম্পদ হয়ে উঠতে পারে।"

বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, "আমাদের দেশের অধিকাংশ জনগণ কর্মক্ষম। এ বিশাল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলে, বর্তমান জনসংখ্যাই হয়ে উঠবে দেশের সাফল্য ও সমৃদ্ধির মূল নিয়ামক।"

আসন্ন নির্বাচন নিয়ে তারেক রহমান বলেন, "আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে।"

তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, "প্রতিশোধ নয়, সাহস ও সততা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। বিশ্ব সমাজে সম্মানজনক অংশীদার হতে হলে প্রযুক্তিনির্ভর দক্ষতার কোনো বিকল্প নেই।"