রাজনীতি

পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত নয়: রিজভী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৯:৪৯ পিএম

পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত নয়: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) ভিত্তিক নির্বাচনী ব্যবস্থার জন্য প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১৩ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, “আমরা এখনো এমন একটি রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোতে পৌঁছাইনি, যেখানে পিআর পদ্ধতি কার্যকরভাবে বাস্তবায়নযোগ্য। গণতন্ত্রের যথাযথ চর্চা না থাকলে এ ধরনের জটিল পদ্ধতি শুধু আরও বিভ্রান্তি তৈরি করবে।” তিনি আরও যোগ করেন, এই ব্যবস্থায় স্বচ্ছতার অভাব রয়েছে এবং এর পেছনে ‘জটিল উদ্দেশ্য’ থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন।

চট্টগ্রামে ভাইরাল হওয়া এক চিকিৎসকের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নাকচ করে দিয়ে রিজভী বলেন, “চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। ওই ব্যক্তি অবৈধ ভবন নির্মাণ করায় তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। তিনি মিথ্যা নাটক সাজিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন।”

রংপুরে সনাতন ধর্মাবলম্বী দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, “অপরাধী যেই হোক, বিচার নিশ্চিত করতে হবে। কোনো উসকানির মাধ্যমে যেন কেউ প্রাণ না হারায়—এটা সরকারকে নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, দেশে এখন ‘মব কালচার’ চলছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নেই। এজন্য অন্তর্বর্তী সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণ জরুরি।

এ সময় তিনি আওয়ামী লীগের শাসনামলে ‘লুটপাটের মাধ্যমে’ ফারমার্স ব্যাংকে গচ্ছিত প্রায় দুই হাজার কোটি টাকারও বেশি অর্থের কোনো খোঁজ না পাওয়ার অভিযোগ তোলেন। ব্যাংকটি এখন পদ্মা ব্যাংক নামে চালু থাকলেও, সেই অর্থ কোথায় গেছে তা অজানা—এমন দাবি করেন তিনি।

রিজভী জানান, দলের বা অঙ্গ সংগঠনের নামে কেউ অপরাধে জড়িত থাকলে, প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে দল থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনকি আজীবনের জন্য বহিষ্কারও করা হয়েছে।