রাজনীতি

হযরত ওমরের পর সৎ ও যোগ্য রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান: বরকত উল্লাহ বুলু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৭:২২ পিএম

হযরত ওমরের পর সৎ ও যোগ্য রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান: বরকত উল্লাহ বুলু
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, মুসলিম ইতিহাসে হযরত ওমরের পর সবচেয়ে সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে কুমিল্লার লাকসাম পৌর অডিটোরিয়ামে আয়োজিত লাকসাম, মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, "জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার সময় গলায় রুপার চেইনে ছোট একটি তাবিজ পরতেন। অনেকে সেটিকে সাধারণ কবজ ভাবলেও আসলে তা ছিল কোরআনের ৩০ পারার একটি ক্ষুদ্র সংস্করণ। তিনি কোরআন বুকে ধারণ করে দেশ চালিয়েছেন।”

বরকত উল্লাহ বুলু আরও বলেন, “যারা এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তাদের এ দেশে ভোট চাওয়ার কিংবা নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই। দেশের সংকট থেকে উত্তরণে একমাত্র পথ হলো একটি গ্রহণযোগ্য নির্বাচন ও একটি নির্বাচিত সরকার।”

তিনি জোর দিয়ে বলেন, "নির্বাচিত সরকার ছাড়া দেশে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের কোনো পথ খোলা নেই।"

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া এবং জেলা সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।