রাজনীতি
খালেদা জিয়ার নির্যাতনকারীদের বিচার হওয়া উচিত: মির্জা আব্বাস
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে চরমভাবে নির্যাতন করা হয়েছিল দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “এই নির্যাতনের জন্য যারা দায়ী, তাদের বিচার হওয়া উচিত।”
শুক্রবার (১৫ আগস্ট) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, “দেশনেত্রী খালেদা জিয়াকে এমন এক পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল, যেখানে ইঁদুর আর পোকামাকড় ঘোরাফেরা করত। কিছু জেলার ও ডেপুটি জেলার ইচ্ছাকৃতভাবে তাকে ছাদের ওপরের একটি অমানবিক কক্ষে রেখেছিলেন।”
তিনি আরও বলেন, “দলের সবচেয়ে দুর্দিনে যিনি নেতৃত্ব দিয়েছেন, সেই খালেদা জিয়ার মনোবল আমরা কাছে থেকে দেখেছি। গণতন্ত্রের প্রশ্নে তার আপসহীন অবস্থান এবং নেতা-কর্মীদের প্রতি তার ভালোবাসা ও স্নেহ ছিল অতুলনীয়।”
দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আমানউল্লাহ আমান, শামসুর রহমান শিমুল বিশ্বাস, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, মীর সরাফত আলী সপু, সুলতান সালাহউদ্দিন টুকু, সাইফুল আলম নিরবসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।