রাজনীতি
নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশকারীরা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়: সালাহউদ্দিন আহমেদ
নির্বাচন ঘিরে শঙ্কা প্রকাশকারীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, যারা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে নির্বাচন নিয়ে সংশয় তৈরি করছেন, তারা গণতন্ত্র ও দেশের মানুষের পক্ষের শক্তি নন।
শনিবার (১৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে দেশের রাজনীতির প্রতিটি ক্ষেত্রে আমাদের দিকনির্দেশনা দিয়ে আসছেন। তাঁর পরামর্শ অনুযায়ী আমরা সরকারকে আলোচনার প্রস্তাব দিয়েছি, ঐকমত্যের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছি।”
সালাহউদ্দিন আরও বলেন, “জাতীয় ঐকমত্য গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এ ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে। কারণ, এদেশের মানুষ গণতন্ত্রের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে—রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, দৃষ্টিশক্তি হারিয়েছে। আমরা চাই একটি শক্তিশালী, গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে সকল নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে।”
নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশের পেছনে উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক হিসাব থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
“যারা নির্বাচন নিয়ে সন্দেহ তৈরি করছে, তারা হয়তো চায় নির্বাচন বিলম্বিত হোক কিংবা পুরো প্রক্রিয়াটিই ব্যাহত হোক। তারা গণতন্ত্রের পক্ষে নয়, বরং বিপক্ষে অবস্থান নিয়েছে,” বলেন সালাহউদ্দিন।
তিনি হুঁশিয়ার করে বলেন, “যারা এই ধরনের বক্তব্য দিয়ে গণতন্ত্রের পথে বাধা তৈরি করছে, দেশের মানুষ তাদের বিরুদ্ধে দাঁড়াবে। কারণ, জনগণ আজ ভোটাধিকার নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।”