রাজনীতি

রাবি ছাত্রদলের ১১৩ সদস্যের ‘আংশিক পূর্ণাঙ্গ’ কমিটি অনুমোদন, পদ পেলেন বহিষ্কৃত তিন নেতা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০৮:৩৬ এএম

রাবি ছাত্রদলের ১১৩ সদস্যের ‘আংশিক পূর্ণাঙ্গ’ কমিটি অনুমোদন, পদ পেলেন বহিষ্কৃত তিন নেতা
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের ১১৩ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় সংসদ। শনিবার রাত ১১টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের ফেসবুক পেজ থেকে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি হয়েছেন সুলতান আহমেদ রাহী, সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম। এছাড়া সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন শফিকুল ইসলাম শফিক ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাহমুদুল মিঠু। বিভিন্ন পদে মোট ১১৩ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে আলোচনার জন্ম দিয়েছে বহিষ্কৃত ও অব্যাহতিপ্রাপ্ত তিন নেতার প্রত্যাবর্তন। চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত সাবেক সদস্য ফারুক হোসেন ও সাবেক যুগ্ম আহ্বায়ক আহসান হাবিবকে সহ-সভাপতি এবং কর্মী হাসিবুল হাসানকে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের শাস্তি প্রত্যাহার করা হয়।

 

একই দিনে বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। তবে কোনো ছাত্রী হলে কমিটি দেওয়া হয়নি। প্রতিটি হলে সভাপতি ও সাধারণ সম্পাদকের পাশাপাশি সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব হল কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

হল কমিটিগুলোর মধ্যে শাহ মখদুম হলে সভাপতি হয়েছেন যুবায়ের হোসেন ও সাধারণ সম্পাদক মোশারফ হক; হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে সভাপতি আব্দুল্লাহ আল মোবারক ও সাধারণ সম্পাদক রেজোয়ান ইসলাম; শের-ই বাংলা হলে সভাপতি মারুফ হাসান জেমস ও সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ; বিজয়-২৪ হলে সভাপতি গাজী ফেরদৌস হাসান ও সাধারণ সম্পাদক বদিউজ্জামান রাকিব।

এ ছাড়া মাদার বখশ হলে সভাপতি কাজী তানভীর আহসান শাকির ও সাধারণ সম্পাদক সাইক রহমান নির্জয়; শহীদ জিয়াউর রহমান হলে সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ ও সাধারণ সম্পাদক সাইমুন ইবনে অরন; শহীদ হবিবুর রহমান হলে সভাপতি হাবিবুল বাশার প্রিন্স ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন খান; মতিহার হলে সভাপতি হাসিম রানা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নিশাত।

সৈয়দ আমির আলী হলে সভাপতি মেহেদী হাসান বিশ্বাস রাব্বি ও সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ সাগর; নবাব আব্দুল লতিফ হলে সভাপতি মুরাদ হোসেন ও সাধারণ সম্পাদক মৃদুল হোসেন; শহীদ শামসুজ্জোহা হলে সভাপতি মেহেদী হাসান ফুয়াদ ও সাধারণ সম্পাদক সবুজ শাহরিয়ার।