রাজনীতি
দেশে একাত্তরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে: মির্জা ফখরুল
দেশে একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উগ্রবাদ মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ দেওয়া হলে দেশের আত্মা ও অস্তিত্ব বিপন্ন হবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ আমাদের একটি ভূখণ্ড দিয়েছে, স্বাধীন জাতিসত্তা দিয়েছে। শহীদদের এই আত্মত্যাগকে আজ বিস্মৃত করার চেষ্টা হচ্ছে। নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে উগ্রবাদ মাথাচাড়া দিচ্ছে, যেটা আমাদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে।’
আওয়ামী লীগের দুর্নীতির অভিযোগ তুলে বিএনপি মহাসচিব বলেন, ‘সম্প্রতি ব্যাংককে গেলে শুনি সেখানকার অভিজাত এলাকায় বাড়িভাড়ার হিড়িক পড়েছে। ভাড়াটেরা বেশিরভাগই আওয়ামী লীগের বিতাড়িত নেতা। কেউ গাড়ি কিনছেন ২-৩ কোটি টাকায়। প্রশ্ন হলো, এই অর্থ এল কোথা থেকে? দেশকে শোষণ করে, লুটপাট করে, সেই অর্থ বিদেশে পাচার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। এখন কেউ কেউ বলছে হয়তো বিএনপিই আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে। প্রশ্ন হচ্ছে চালাবেন কিসে? দেশের সম্পদ তো সব পাচার হয়ে গেছে।’
দেশে নতুন করে ধর্মীয় উগ্রবাদ ও দমননীতির আশঙ্কা তুলে ধরে ফখরুল বলেন, ‘সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনীতিকে বিভক্তির পথ থেকে সরিয়ে সম্প্রীতির পথে আনতে হবে। নয়তো গণতন্ত্র ও স্বাধীনতা— দুটোই হুমকির মুখে পড়বে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, অধ্যাপক ডা. জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, উপদেষ্টা বিজন কান্তি সরকার, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালসহ দলের কেন্দ্রীয় নেতারা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ধর্মবিষয়ক সহ-সম্পাদক অমলেন্দু দাস অপু।