রাজনীতি
জামায়াত আমার নাম দিয়েছে ‘ফজু পাগলা’ (ভিডিও)
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করে রীতিমত তোপের মুখে পড়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। দল থেকে শোকজও করা হয়েছে তাকে। যার জবাব দেবেন বলেও জানিয়েছেন তিনি।
এসব নিয়ে সোমবার গণমাধ্যমের সামনে মুখ খুললেন তিনি। দাবি করলেন, পুরো বিষয়টা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে সবার সামনে। সেই সঙ্গে, যদি তার বক্তব্যে কেউ ভুল ধরিয়ে দিতে পারেন, তাহলে হাত জোড় করে ক্ষমা চাইবেন বলেও জানিয়েছেন।
এদিকে নিজের ব্যঙ্গাত্বক নাম নিয়েও কথা বলেছেন, তিনি বলেন, আমি বাংলাদেশে এখন ফজু পাগলা হয়ে গেছি। এবং এই নামটা আমাকে দিয়েছে মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত। আমি নাকি ফজু পাগলা। প্রথমে এই কথা বলেছে মুফতি আমির হামজা নামে এক লোক, আচ্ছা, আমি মুক্তিযুদ্ধ করে পাগলের ভূমিকায় অবর্তীণ হয়েছি। আমি বাংলাদেশের একজন পাগলা। সবচেয়ে বড় কথা তারা আমাকে হত্যা করতে চায়।
এ সময় তিনি দাবি করে বলেন, যদি তার বক্তব্যে ভুল ধরিয়ে দিতে পারেন কেউ, তাহলে হাত জোড় করে ক্ষমাও চাইব।
সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে ফজলুর রহমান বলেন, ‘৫ আগস্টের আন্দোলন পরিচালনায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ইসলামী ছাত্রশিবির। এই সংগঠন দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে আসছে।’
তার ভাষায়, ‘যারা ৫ আগস্টের ঘটনার জন্য দায়ী, তারা কোনো রাজনৈতিক নেতা নয়, তারা কেবল অভিনেতা। দেশের মানুষ এখন বুঝে ফেলেছে, এরা রাজাকারের বংশধর, কালো শক্তি। তারা অর্থ-বিত্ত দিয়ে তরুণ সমাজকে প্রলুব্ধ করছে।’