রাজনীতি

কিছু সাংস্কৃতিক কর্মী স্বৈরাচারের জন্য মায়া কান্না করছে : সেলিমা রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩৭ পিএম

কিছু সাংস্কৃতিক কর্মী স্বৈরাচারের জন্য মায়া কান্না করছে : সেলিমা রহমান
ছবি: সংগৃহীত

কিছু সাংস্কৃতিক কর্মী ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের পক্ষে অবস্থান নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

মঙ্গলবার (২৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

সেলিমা রহমান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ অতিষ্ঠ হলেও কিছু শিল্পী কেবল ব্যক্তিস্বার্থে কাজ করেছেন। তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানে জনগণের রক্ত ঝরলেও শেখ হাসিনার সরকার দায় এড়াতে পারেনি, শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে দেশকে মুক্ত করেছিলেন এবং বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আজও লড়াই করছেন। আপস না করায় তিনি মিথ্যা মামলায় জর্জরিত ও অসুস্থ জীবন কাটাচ্ছেন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সফল হয়েছে উল্লেখ করে তিনি শিল্পীদের জনগণের অধিকার ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধন শেষে জাসাসের যুগ্ম আহ্বায়ক ইথুন বাবু ঘোষণা দেন, আগামী ২১ দিনের মধ্যে শিল্পকলা ও সচিবালয় থেকে ‘ফ্যাসিস্টদের’ অপসারণ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধনে সাংস্কৃতিক কর্মী শিবা শানুসহ নাট্য ও চলচ্চিত্র শিল্পীরা উপস্থিত ছিলেন।