রাজনীতি
জোট গঠনে কয়েকটি ইসলামি দলের সঙ্গে আলোচনা করছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কয়েকটি ইসলামি ঘরানার রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠনের বিষয়ে আলোচনা করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জামায়াতের সঙ্গে জোটের সুযোগ নেই। তবে যুগপৎ আন্দোলনে যারা ছিল, তাদের সঙ্গে জোট হতে পারে এবং আগামীর সরকারেও তারা থাকতে পারে। ইসলামি কয়েকটি দলের সঙ্গে আলোচনা চলছে, তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি।”
সালাহউদ্দিন বলেন, “ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে কোনো সংশয় নেই। যারা নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাহানা খুঁজছে, তারা ভবিষ্যতের রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে।”
তিনি আরও বলেন, “এই সরকারের ঘোষিত সময়সীমার মধ্যেই নির্বাচন হবে—এটাই প্রত্যাশা। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে একটি সুষ্ঠু নির্বাচনই বিএনপির লক্ষ্য।”
সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি ও গণপরিষদের দাবিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন বিএনপির এই নেতা। তার ভাষায়, “মাঠ গরম রাখতে এসব ইস্যু তোলা হচ্ছে।”
অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন বিষয়ে সালাহউদ্দিন জানান, “এ নিয়ে বিএনপির মধ্যে কোনো জটিলতা নেই। সবার সম্মতিক্রমেই এই সরকার গঠিত হয়েছে। ভবিষ্যতে তত্ত্বাবধায়ক পদ্ধতি পুনর্বহালের সম্ভাবনা থাকলেও, বর্তমান সরকারের অধীনেই নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।”
জুলাই সনদ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “এর কিছু অঙ্গীকার বিএনপি অযৌক্তিক মনে করছে। ঐকমত্য কমিশনের আলোচনায় আমরা বিকল্প প্রস্তাব দেবো। সংবিধানের ওপরে অবস্থান নেয়—এমন কোনো বিষয় বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়।”
সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমদ বারবার উল্লেখ করেন, “এবারের নির্বাচন হবে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা। কেউ অংশ না নিলে সেটি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত, তবে যারা শুধু বয়কটের রাজনীতি করবে, তারা ধীরে ধীরে রাজনীতি থেকে হারিয়ে যাবে।”