রাজনীতি

নুরের ওপর হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে: রিজভী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৩:০৭ পিএম

নুরের ওপর হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে: রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন নুরকে দেখতে গিয়ে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, “নুরের ওপর যে আক্রমণ হয়েছে তা ছিল ন্যাক্কারজনক, পরিকল্পিত এবং টার্গেট করে চালানো। হামলাকারীদের উদ্দেশ্য ছিল স্পষ্টতই তাকে হত্যা করা। তার শরীরের আঘাতগুলো যদি সামান্য ডানে বা বামে লাগত, তবে হয়তো আজ তাকে জীবিত পাওয়া যেত না।”

তিনি আরও জানান, নুরুল হক নুরের ওপর এর আগেও অন্তত ২২ বার হামলা হয়েছে। বগুড়া থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে তিনি সরকারপন্থী সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়েছেন। এ সময় রিজভী সরকারের সমালোচনা করে বলেন, “ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে কথা বললেই তাকে টার্গেট করে আঘাত করা হয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।”

রিজভী অভিযোগ করে বলেন, গত শুক্রবার নুর কোনো সহিংসতায় জড়াননি। তারপরও কার্যালয়ে ঢুকে তার ওপর নৃশংস আক্রমণ করা হয়েছে। তিনি ইঙ্গিত দিয়ে বলেন, “৫ আগস্টের পরাজিত শক্তি নানা উপায়ে আবারও বিষ দাঁত বসানোর চেষ্টা করছে। এই ঘটনার সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জড়িত আছেন কি না, তা আমরা জানি না। তবে আশ্চর্যের বিষয় হলো—যে ব্যক্তি নির্বাচনের আগে ভারতে গিয়ে ফেরার পর বলেছিলেন, ‘তাদের অনুমতি ছাড়া কোনো কথা বলা যাবে না’, সেই ব্যক্তি আজ বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলছেন, যা অত্যন্ত হাস্যকর।”

এসময় সাংবাদিকরা জানতে চান, গণঅধিকার পরিষদের দাবি অনুযায়ী বিএনপি কি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবির সঙ্গে একমত কিনা। জবাবে রিজভী বলেন, “এ বিষয়ে আমাদের দলের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।”

এই ঘটনার পর নুরুল হক নুরের সমর্থক ও রাজনৈতিক মহলে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নুরের দ্রুত আরোগ্য কামনা করে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে।