রাজনীতি

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৮ এএম

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ (১ সেপ্টেম্বর) উদযাপন করছে তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এদিন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছিল দলটি।

দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও সংস্কারের প্রথম ধারণা হিসেবে জিয়াউর রহমানের ঘোষিত ‘১৯ দফা কর্মসূচি’কে বিশেষভাবে মূল্যায়ন করছেন রাজনৈতিক বিশ্লেষক ও দলটির শীর্ষ নেতৃত্ব।

১৯৭৭ সালের ৩০ এপ্রিল প্রেসিডেন্ট জিয়া যে ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেন, সেটিকেই বাংলাদেশের প্রথম সংস্কার ভাবনা হিসেবে বিবেচনা করা হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতে, সেই কর্মসূচির মধ্য দিয়েই পরবর্তীতে খালেদা জিয়ার ঘোষিত ভিশন ২০৩০ কিংবা তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখার ভিত্তি রচিত হয়।

চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতায় থাকার সময় ছিল যুগান্তকারী কিছু পদক্ষেপ। আবার ৯০-এর দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা সাম্প্রতিক সময়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির গণতান্ত্রিক আন্দোলন— সবই দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্থান করে নিয়েছে। মির্জা ফখরুল মনে করেন, বিএনপি-ই দেশে রাজনৈতিক সহনশীলতা, ভিন্নমতকে সম্মান জানানো এবং গণতান্ত্রিক শিষ্টাচারের চর্চা শুরু করে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, প্রেসিডেন্ট জিয়া শুধু বাংলাদেশের অর্থনীতির উন্নতি ও বেসরকারি খাতকে এগিয়ে নেওয়ার কাজই করেননি, তিনি সার্ক প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টাও ছিলেন। তার মতে, টেকসই গণতান্ত্রিক উত্তরণে বিএনপির বিশেষ দায়িত্ব রয়েছে।

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ছিদ্দুকুর রহমান খান বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে প্রেসিডেন্ট জিয়া সংস্কারের যে ভিত্তি তৈরি করেছিলেন, তা আজও সমান প্রাসঙ্গিক।

৪৮ বছরে পদার্পণ করা বিএনপিকে নানা চড়াই-উৎরাই পার হতে হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জনআকাঙ্ক্ষা সঠিকভাবে অনুধাবন করা এবং নানামুখী প্রোপাগান্ডার কার্যকর জবাব দেওয়াই এখন দলের প্রধান চ্যালেঞ্জ। দলের নেতারা একমত, বিএনপিকে একটি উদার ও গণতান্ত্রিক দল হিসেবে প্রতিষ্ঠিত করার বিকল্প নেই।

উল্লেখযোগ্য বিষয় হলো, দীর্ঘ দেড় যুগ পর বিএনপি এবার তুলনামূলক অনুকূল রাজনৈতিক পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে নতুন এক রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করে বাংলাদেশ। তার প্রেক্ষাপটেই দলটি আজ উদযাপন করছে তাদের প্রতিষ্ঠার ৪৭তম বর্ষপূর্তি।