রাজনীতি
বিএনপিকে বারবার ধ্বংসের চেষ্টা হয়েছে, কিন্তু ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে: ফখরুল
বিএনপিকে বারবার ধ্বংসের চেষ্টা করা হলেও দলটি প্রতিবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও লড়াই করেছে। নানা সময় ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে দলটি ঘুরে দাঁড়িয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। সকাল থেকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়ার সমাধিতে দলের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী সমবেত হয়ে শ্রদ্ধা জানান।
মির্জা ফখরুল বলেন, বিএনপিকে ধ্বংস করার উদ্দেশ্যে প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। প্রায় ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, ১ হাজার ৭০০ জনকে গুম করা হয়েছে। তারপরও বিএনপি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় লড়াই চালিয়ে গেছে।
তিনি আরও বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশ হাসিনার ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে। এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করা।”
বিএনপি মহাসচিব বলেন, বিএনপির প্রতিষ্ঠা বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতিতে আমূল পরিবর্তন এনেছে। শহীদ জিয়াউর রহমান একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তিনি গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। পাশাপাশি মুক্তবাজার অর্থনীতি চালু করে দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন।
তিনি উল্লেখ করেন, পোশাক শিল্পের সূচনা করেন জিয়াউর রহমান, বিদেশে শ্রম রপ্তানির প্রবর্তন করেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং কেয়ারটেকার সরকার ব্যবস্থা চালু করেন।
সংস্কার কমিশনগুলোকে সর্বাত্মক সহযোগিতা করেছে বিএনপি জানিয়ে মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের জনগণের সমর্থনে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন আনবে। বিএনপি দেশকে নিঃসন্দেহে সামনে এগিয়ে নেবে।”