রাজনীতি

নিহত বিএনপি নেতা অলির কন্যার বিয়ে দিলেন তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম

নিহত বিএনপি নেতা অলির কন্যার বিয়ে দিলেন তারেক রহমান
আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে করা বিয়ের আনুষ্ঠানিকতা। ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় বিচারবহির্ভূত হত্যার শিকার বিএনপি নেতা অলিউল্লাহ মোল্লা অলির দ্বিতীয় কন্যা সাদিয়া সুলতানার বিয়ের আনুষ্ঠানিকতার দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৩১ আগস্ট) দুপুরে শ্যামনগর উপজেলার কাশিমারি ইউনিয়নে এ বিয়ের আয়োজন সম্পন্ন হয়।

তারেক রহমানের পক্ষ থেকে সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’ বিয়ের আনুষ্ঠানিকতা পরিচালনা করে। এ সময় নবদম্পতির জন্য উপহার সামগ্রী এবং বিয়ের খরচের জন্য বিশেষ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, উপদেষ্টা আবুল কাশেম, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এছাড়া বিয়ের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. মনিরুজ্জামান, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক ১ম যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলাইমান কবির এবং স্থানীয় নেতারা।

উল্লেখ্য, ২০১৬ সালের ১০ জুলাই পুলিশের গুলিতে নিহত হন কাশিমারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউল্লাহ মোল্লা অলি। এর আগে, ২০২৪ সালে অলির বড় কন্যা নাঈমা সুলতানার বিয়ের আনুষ্ঠানিকতার দায়িত্বও নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।