রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ পিএম

খালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
খালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত মেরি মাসদুপুই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে রাষ্ট্রদূত খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

সাক্ষাতে দু’দেশের রাজনৈতিক পরিস্থিতি, পারস্পরিক সম্পর্ক ও আগামীর সহযোগিতামূলক সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এর আগে, একই দিনে ফরাসি রাষ্ট্রদূত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে রাষ্ট্রদূত মাসদুপুই বাংলাদেশে তার দায়িত্বকালীন অভিজ্ঞতা তুলে ধরেন এবং ফ্রান্স-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে বাংলাদেশের সহযোগিতার প্রশংসা করেন।