রাজনীতি
ষড়যন্ত্র করে লাভ নেই, নির্বাচন হবেই : শামসুজ্জামান দুদু
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন দেশ পরিচালনা করতে না পারেন এবং দলকে বাধাগ্রস্ত করা যায়—এমন গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, “ষড়যন্ত্র করে কোনো লাভ নেই, নির্বাচন হবেই।”
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ন্যাব) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে সম্প্রতি জাতীয় পার্টি ও গণঅধিকারের মধ্যে সংঘর্ষ এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক নুরুল হক নূরের ওপর হামলার ঘটনাকে ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন দুদু। তিনি সতর্ক করে বলেন, “যারা ষড়যন্ত্র করছে তাদের বেশি বাড়া উচিত নয়, তাহলে সামনে বিপদ আছে।”
শেখ পরিবারের সমালোচনা করে তিনি বলেন, “লুটপাট শেখ মুজিবুর রহমানের সময়ও হয়েছিল; তবে তার দুই মেয়ের সময় সেই লুটপাট অনেক বেশি হয়েছে।”
আগামী দিনের আন্দোলনে ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে দুদু বলেন, “আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ না থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।”