রাজনীতি

বদরুদ্দীন উমরের মৃত্যুতে তারেক রহমান ও মির্জা ফখরুলের গভীর শোক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৬ পিএম

বদরুদ্দীন উমরের মৃত্যুতে তারেক রহমান ও মির্জা ফখরুলের গভীর শোক
বদরুদ্দীন উমরের মৃত্যুতে তারেক রহমান ও মির্জা ফখরুলের শোক, ছবি: সংগৃহীত।

দেশের প্রখ্যাত চিন্তক, প্রবীণ রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর আর নেই। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের পাঠানো শোকবার্তায় জানানো হয়, বদরুদ্দীন উমর ছিলেন ব্রিটিশ ভারতের খ্যাতনামা রাজনীতিক আল্লামা আবুল হাশিমের সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ডে পড়াশোনা করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে রাজনীতিতে যুক্ত হন। জীবদ্দশায় তিনি ইতিহাসে রাজনৈতিক জীবন্ত কিংবদন্তি হিসেবে সমাদৃত ছিলেন। ভাষা আন্দোলন, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং সর্বশেষ স্বৈরাচারবিরোধী জুলাই আন্দোলনে তাঁর ভূমিকা নতুন প্রজন্মকে মুক্তির প্রেরণা যুগিয়েছে।

শোকবার্তায় বিএনপির শীর্ষ দুই নেতা বলেন, বদরুদ্দীন উমর ছিলেন একজন চিন্তাশীল রাজনৈতিক অভিভাবক। তাঁর মৃত্যুতে জাতীয় রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা কখনোই পূরণ হওয়ার নয়।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। তখনও তিনি অসুস্থ শরীর নিয়ে নির্বাচনের গুরুত্বের কথা তুলে ধরেন।

ব্যক্তিগত শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “লেখক, গবেষক, বামধারার বুদ্ধিজীবী ও শিক্ষক বদরুদ্দীন উমরের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। কৃষক-শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও শোষণমুক্ত সমাজ গঠনের সংগ্রামে তাঁর লেখনি ছিল অনুপ্রেরণার উৎস। ইতিহাসের নানা উত্থান-পতন নিয়ে তিনি অসংখ্য গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন। আজীবন বাম প্রগতিশীল রাজনীতিতে অবিচল থেকে তিনি সহজ-সরল ও অনাড়ম্বর জীবনযাপন করেছেন।”

তিনি আরও বলেন, “বদরুদ্দীন উমর কখনোই স্বৈরশাসকের ভয়ে নিরব ছিলেন না। বরং তাঁর কথা ও লেখনিতে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদ উচ্চারিত হয়েছে। তিনি ছিলেন সংগ্রামী, নির্ভীক ও আপসহীন।”

শোকবার্তায় বিএনপির নেতারা মরহুম বদরুদ্দীন উমরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহর কাছে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন।