রাজনীতি

তারেক রহমান ফিরলে ভোটের প্রচারের অর্ধেক কাজ হয়ে যাবে: সালাহউদ্দিন আহমদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৮ পিএম

তারেক রহমান ফিরলে ভোটের প্রচারের অর্ধেক কাজ হয়ে যাবে: সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ (ইনসটে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান)। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেই আসন্ন জাতীয় নির্বাচনের প্রচারের অর্ধেক কাজ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “তারেক রহমান দেশে ফিরলে নির্বাচনী মাঠে বিএনপির উপস্থিতি আরও শক্তিশালী হবে। সেদিনই মূলত বিএনপির প্রচারযুদ্ধের অর্ধেক সম্পন্ন হয়ে যাবে। কারণ, তার উপস্থিতি জনগণের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।”

তিনি আরও বলেন, “নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। একটি প্রকৃত সংসদীয় ব্যবস্থার মধ্য দিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে হবে।”

২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিয়ে সালাহউদ্দিন বলেন, “রমজানের এক সপ্তাহ আগে অথবা তারও আগে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দেশজুড়ে নির্বাচনী আমেজ বিরাজ করছে। যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন বা বাধা সৃষ্টি করতে চাইছেন, তাদের প্রতি আহ্বান দেশ এখন একটি নির্বাচনের পথে।”

তিনি বলেন, “তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন শুধু বিএনপির জন্য নয়, পুরো দেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে। তার ফেরা মানেই হবে একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা।”