রাজনীতি

ডাকসু নির্বাচনে ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক, মেনে নেব: ছাত্রদল সভাপতি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ এএম

ডাকসু নির্বাচনে ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক, মেনে নেব: ছাত্রদল সভাপতি
ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানিয়েছেন, ডাকসু নির্বাচনে ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক, মেনে নেব।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোটগ্রহণ চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

রাকিবুল বলেন, “আমরা শুরু থেকেই আশা করে এসেছি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। এখন পর্যন্ত আমরা সেই প্রত্যাশাই রাখছি। যদি সত্যিকার অর্থে ভোট সুষ্ঠু হয়, তাহলে ফলাফল আমাদের অনুকূলে না এলেও আমরা তা মেনে নেব।”

তবে কিছু অনিয়মের অভিযোগও তুলে ধরেন তিনি। তার ভাষায়, “বুথের তুলনায় যথেষ্ট সংখ্যক পোলিং এজেন্ট নেই। এ কারণে আমাদের পক্ষে ভোট পর্যবেক্ষণ কঠিন হয়ে পড়ছে। এছাড়া কয়েকটি কেন্দ্রে একজন ভোটারকে দুটি ব্যালট পেপার দেওয়ার অভিযোগও পেয়েছি।”

সকাল ৮টা থেকে ডাকসু ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। তার আগে সকাল সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কেন্দ্রে সাংবাদিকদের সামনে ব্যালট বাক্স সিলগালা করা হয়।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯১৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন।

ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন এবং নারী প্রার্থী ৬২ জন। সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদ ঘিরে। ভিপি পদে প্রার্থী ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ জন।

এছাড়া অন্যান্য পদের মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সমাজসেবা সম্পাদক, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদকসহ প্রায় সব পদেই রয়েছে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা। সাধারণ সদস্য ১৩টি পদের বিপরীতে এবার লড়ছেন সর্বোচ্চ ২১৭ জন প্রার্থী।

এদিকে সকাল থেকে ক্যাম্পাসজুড়ে ভোটারদের দীর্ঘ লাইন, উৎসবমুখর পরিবেশ এবং কড়া নিরাপত্তা নজরদারি লক্ষ্য করা গেছে।