রাজনীতি

আজকের দিনেও তারা গুপ্ত রাজনীতি করছে: নাছির উদ্দীন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭ এএম

আজকের দিনেও তারা গুপ্ত রাজনীতি করছে: নাছির উদ্দীন
নাছির উদ্দীন নাছির। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির শিবিরকে উদ্দেশ্য করে বলেছেন, আজকের দিনেও তারা গুপ্ত রাজনীতি করছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাছির বলেন, “গতকাল রাত থেকেই তারা (শিবির) বিভিন্ন জায়গায় একটি কাগজ বিতরণ করেছে, যেটি ছিল নির্বাচনী প্রচারণার অংশ। কিন্তু সেটা করেছে পুরোপুরি গোপনভাবে। আমরা নির্বাচন সুষ্ঠু হোক, সেটা চাই বলেই তাদের কিছু বলিনি। কিন্তু আজকের দিনে এসেও এমন গুপ্তচরসুলভ রাজনৈতিক কৌশল ব্যবহার করাটা একেবারেই গ্রহণযোগ্য নয়।”

ছাত্রদল নেতার দাবি, তাদের পক্ষ থেকে নিয়ম মেনেই সবকিছু করা হচ্ছে। “আমরা আজ সকালেও ১০০ ফুট দূরে একটি ডেস্ক বসিয়েছি—যেখানে নিয়ম অনুযায়ী কোনো বাধা নেই। অথচ সেটি নিয়েও শিবির পক্ষ থেকে নানা মন্তব্য করা হচ্ছে,” বলেন তিনি।

এদিকে ডাকসু নির্বাচনের ভোট শুরুর আগেই কেন্দ্রে হাজির হয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। সকাল সাড়ে ৭টার দিকে তিনি ভোটকেন্দ্র এলাকায় পৌঁছান। তার সঙ্গে ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।