রাজনীতি

ঢাবি ভিসিকে ‘জামায়াতি প্রশাসন’ আখ্যা দিল ছাত্রদল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ পিএম

ঢাবি ভিসিকে ‘জামায়াতি প্রশাসন’ আখ্যা দিল ছাত্রদল
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসের আশপাশে বহিরাগত জামায়াত-শিবিরের নেতাকর্মী জড়ো হয়েছে বলে অভিযোগ তুলেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সিনেট ভবনে চলমান একটি মিটিংয়ে প্রবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা। এসময় তারা উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের মুখোমুখি হন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সরাসরি ‘জামায়াতি প্রশাসন’ হিসেবে আখ্যা দেন।

ঘটনার সময় সেখানে কিছুটা হট্টগোলের সৃষ্টি হয়। ছাত্রদল নেতারা উপাচার্যের কাছে জানতে চান, ক্যাম্পাসের আশপাশে কেন বহিরাগতদের উপস্থিতি দেখা যাচ্ছে। তারা দাবি করেন, এরা সবাই জামায়াত–শিবিরের কর্মী।

উপাচার্য জানান, এ বিষয়ে ‘ব্যবস্থা নেওয়া হয়েছে’, তবে ছাত্রদল নেতারা সেই ব্যাখ্যা মানতে রাজি হননি। একপর্যায়ে ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় টেবিল চাপড়ে ভিসিকে ‘জামায়াতি প্রশাসন’ বলে অভিহিত করেন।

জবাবে উপাচার্য বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন এবং কখনো রাজনীতি করেননি।