রাজনীতি

শিক্ষক মোনামির কাছে দুঃখ প্রকাশ করলেন ছাত্রদল নেতা হামিম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১২ পিএম

শিক্ষক মোনামির কাছে দুঃখ প্রকাশ করলেন ছাত্রদল নেতা হামিম
তানভীর বারী হামিম এবং শিক্ষক শেহরীন আমিন মোনামি। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর এক ঘটনার সূত্র ধরে বিতর্কে জড়ানো ছাত্রদল নেতা তানভীর বারী হামিম শেষ পর্যন্ত শিক্ষক শেহরীন আমিন মোনামির কাছে দুঃখ প্রকাশ করেছেন।

গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী ছিলেন হামিম। ৫,২৮৩ ভোট পেয়ে দ্বিতীয় হন তিনি। কিন্তু ভোটগ্রহণ শেষে ফল প্রকাশের দিন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামির সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি, যা পরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ঘটনার একটি পর্যায়ে মোনামি পদত্যাগের ইঙ্গিত দিলে হামিম পাল্টা জবাবে বলেন, "আপনি পদত্যাগ করলে আমার কী?" এই মন্তব্য নিয়ে শিক্ষক সমাজ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।

এ ঘটনার কয়েক দিন পর বৃহস্পতিবার রাতে এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তানভীর বারী হামিম বলেন, “ম্যাম তখন প্রশাসনিক দায়িত্বে ছিলেন, সে কারণেই প্রতিবাদ করেছিলাম। তবে তিনি আমার শিক্ষক, সেটাও আমি ভুলে যাইনি। উত্তেজিত হয়ে যেভাবে কথা বলেছি, তা একজন শিক্ষকের সঙ্গে কখনোই করা উচিত হয়নি। আমি বিষয়টি নিয়ে আন্তরিকভাবে দুঃখিত।”

তিনি আরও বলেন, “আমি তাকে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে প্রশ্ন করেছিলাম, শিক্ষক হিসেবে নয়। কিন্তু তারপরও সবকিছুর আগে তিনি আমার শিক্ষক, এই সম্পর্কটাকে আমি সর্বোচ্চ সম্মান করি। এজন্য নিজের আচরণের জন্য আমি সব সময় অনুতপ্ত থেকেছি।”

ঘটনার প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে হামিম বলেন, নির্বাচন ঘিরে বিভিন্ন অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। প্রতিবাদের সেই আবহেই উত্তেজনার মুহূর্তে তিনি মন্তব্যটি করে ফেলেন। তবে তিনি জোর দিয়ে বলেন, “মোনামি ম্যামের বিরুদ্ধে এককভাবে পক্ষপাতিত্বের কোনো অভিযোগ আমি করিনি।”

সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে মোনামিকে নিয়ে কিছু কটূক্তিমূলক মন্তব্য ও রাজনৈতিক অপপ্রচারের প্রসঙ্গ টেনে হামিম বলেন, “ম্যাডামকে নিয়ে যারা আজেবাজে কথা লিখেছে, যদি তাদের সাংগঠনিক কোনো পরিচয় থাকে আমি প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি, তাদের বিরুদ্ধে আমি নিজেই ব্যবস্থা নেব। প্রয়োজনে প্রশাসনিক পদক্ষেপও নেব।”