রাজনীতি
তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, এ ব্যাপারে আলোচনা হয়েছে: বাবর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, ‘তারেক রহমান শিগগিরই ফিরবেন, তার ফেরার ব্যাপারে আলোচনা হয়েছে।’
রবিবার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাবর বলেন, “তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি শিগগিরই ফিরবেন এটাই আমাদের প্রত্যাশা।” তবে নির্দিষ্ট সময়সীমা বা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনি।
বৈঠকে দেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকালীন নিরাপত্তা, অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান বাবর।
তিনি বলেন, “আমরা দেখতে পাচ্ছি, দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে এস আলম গ্রুপের কর্ণধারের যে বৈঠক হয়েছে, তা নির্বাচনী প্রক্রিয়া বানচালের অংশ কি না—সে প্রশ্ন উঠেছে। এ ধরনের বৈঠক এবং দেশের ভেতরে যেসব অস্ত্র ঢুকছে, তা নিয়ে আমরা উদ্বিগ্ন।”
লুৎফুজ্জামান বাবর আরও বলেন, “সরকার চেষ্টা করছে পরিস্থিতি সামাল দিতে, আমরাও চাই স্থিতিশীল পরিবেশ বজায় থাকুক। বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত তবে কিছু বিষয়ে আমাদের উদ্বেগ আছে। এসব নিয়েই মূলত স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসি।”
প্রায় ১৮ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করলেন সাবেক প্রতিমন্ত্রী বাবর। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।