রাজনীতি

বিপ্লবী সংগঠন না থাকলে বিপ্লব হয় না: মির্জা ফখরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৪ পিএম

বিপ্লবী সংগঠন না থাকলে বিপ্লব হয় না: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংগঠন ছাড়া বিপ্লব সফল হয় না। আজ সমাজে যে হতাশা দেখা দিয়েছে, তার অন্যতম কারণ সংগঠনের দুর্বলতা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে প্রখ্যাত বামপন্থী চিন্তাবিদ ও রাজনীতিক বদরুদ্দীন উমরের স্মরণসভায় তিনি এসব কথা বলেন। বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া এই শোকসভায় লেখক, বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতা ও এক্টিভিস্টরা অংশ নেন।

শোকসভায় বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “আজ যারা সমাজ পরিবর্তনের কথা বলেন, বিপ্লবের কথা বলেন তাদের আগে সংগঠনকে শক্তিশালী করতে হবে। একেবারে মানুষের কাছে গিয়ে কাজ করতে হবে। তাহলেই কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব।”

তিনি বলেন, “বদরুদ্দীন উমরের জীবন ও সংগ্রাম ছিল আপসহীন। তিনি শেষ দিন পর্যন্ত নিজের আদর্শে অটল ছিলেন। আজ যারা রাজনীতি করি, আমরা তাঁর এই অবস্থান থেকে অনেক কিছু শিখতে পারি। দুর্ভাগ্যজনকভাবে, নতুন প্রজন্ম কতটা শিখছে তা নিশ্চিত করে বলা কঠিন।”

বিএনপি মহাসচিব বলেন, “আমার ব্যক্তিগত মত হলো, বিপ্লব তখনই সফল হয়, যখন শক্তিশালী সংগঠন থাকে। আজ যে হতাশা বিরাজ করছে, সেটা আসলে সংগঠনের অভাব থেকেই এসেছে। বিপ্লবী সংগঠন না থাকলে, বিপ্লব সম্ভব নয়।”

তিনি জানান, বদরুদ্দীন উমরের সঙ্গে সরাসরি পরিচয় ও ঘনিষ্ঠতা না থাকলেও, দলীয় উপদেষ্টা আবরার সাহেবের বাসায় একবার দীর্ঘ আলোচনার সুযোগ হয়েছিল। সেই স্মৃতিচারণায় তিনি বলেন, “সেই আলোচনা আমার জন্য অত্যন্ত শিক্ষণীয় ছিল।”

স্মরণসভা শুরুতে এক মিনিট নীরবতা পালন করে বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরিবেশন করা হয় কমিউনিস্ট ইন্টারন্যাশনালের সংগীত। এরপর তার জীবনের নানা দিক তুলে ধরে একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

শোকসভায় আরও বক্তব্য দেন বিশিষ্ট অর্থনীতিবিদ মাহবুবউল্লাহ, বিপ্লবী ও রাজনীতিক কমরেড খালেকুজ্জামান ভূঁইয়া, অধ্যাপক আকমল হোসেন, কমরেড সজীব রায়, ও প্রখ্যাত চিন্তাবিদ সিরাজুল ইসলাম প্রমুখ।