রাজনীতি

ছাত্র প্রতিনিধিদের সরকারে না গিয়ে ‘প্রেশার গ্রুপ’ হয়ে থাকা উচিত ছিল: সালাহউদ্দিন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:২০ পিএম

ছাত্র প্রতিনিধিদের সরকারে না গিয়ে ‘প্রেশার গ্রুপ’ হয়ে থাকা উচিত ছিল: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

ছাত্র প্রতিনিধিদের সরাসরি সরকারে যোগদানকে সঠিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তার মতে, ছাত্র নেতাদের উচিত ছিল সরকারের বাইরে থেকে ‘প্রেশার গ্রুপ’ হিসেবে ভূমিকা রাখা।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’ শীর্ষক তৃতীয় সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, “গণতান্ত্রিক চর্চায় একইসাথে কেউ সরকারি দল ও বিরোধী দলে থাকতে পারে না। যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে গেলো, সেদিনই বুঝে গিয়েছিলাম তারা আর রাষ্ট্র নির্মাণে গঠনমূলক ভূমিকা রাখতে পারবে না।”

তিনি আরও বলেন, “তাদের সরকার থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো আমার দায়িত্ব নয়, বরং সেই তাগিদটা তাদের নিজেদের ভেতর থেকেই আসা উচিত।”

আলোচনায় জামায়াতকে ইঙ্গিত করে সালাহউদ্দিন প্রশ্ন তোলেন, “দেখলাম, আপনাদের এক নেতা বলেছেন কে সরকারি দল হবে, কে বিরোধী দল, তা তারা ঠিক করবেন। তাহলে কি জনগণের ভোটের চেয়ে নিজেদের সিদ্ধান্তই বড় হয়ে গেল? যদি এত আত্মবিশ্বাস থাকে, তাহলে নির্বাচনে আসছেন না কেন? নানা অজুহাতে নির্বাচন বাধাগ্রস্ত করা হচ্ছে।”

আন্দোলন ও সংলাপ একসঙ্গে চালানোকে স্ববিরোধিতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আলোচনার মধ্যেই আন্দোলন শুরু করা আত্মঘাতী। আমরা চাই সমাধান আলোচনার মাধ্যমে হোক। সেই লক্ষ্যে ‘জুলাই সনদ’ নিয়েও আলোচনা চলছে। নতুন কোনো সংকট না তৈরি করে বরং সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানাই।”

তিনি বলেন, “আমরা সবাই মাস্টার্স ডিগ্রির পেছনে ছোটাচ্ছি। অথচ উন্নত বিশ্বে দ্বাদশ শ্রেণির পর সবাই গ্রাজুয়েশন করে না। যারা রিসার্চ করে, শুধুমাত্র তারাই মাস্টার্সে যায়। আমাদের শিক্ষা ব্যবস্থায় মূল গলদ এখানেই।”

তিনি বলেন, পরিবর্তন রাতারাতি সম্ভব নয়, কিন্তু তা যেন সংঘাতময় বা জবরদস্তির মাধ্যমে না হয় এমন একটি সমন্বিত দৃষ্টিভঙ্গিই আজ সময়ের দাবি।