রাজনীতি

অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, সতর্ক থাকতে হবে: তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম

অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, সতর্ক থাকতে হবে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ঢাকাপ্রকাশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ থেকে স্বৈরাচার বিদায় নিলেও একটি অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে। তাই বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে দেশের জনগণকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

শনিবার কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “আপনাদের নিশ্চয়ই মনে আছে, স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েকদিন পরেই আমি জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে একাধিক বৈঠক করেছিলাম। সেদিন আমি বলেছিলাম, স্বৈরাচার তো চলে গেছে, কিন্তু একটি অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে। আজকে সেই কথাই প্রমাণিত হচ্ছে। প্রায় এক বছর আগে আমি এ বিষয়ে সতর্ক করেছিলাম।”

তিনি আরও বলেন, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে এবং সংস্কারের নানা প্রস্তাব দিয়েছে। তবে এসব প্রস্তাবের প্রায় ৯৫ শতাংশই বিএনপি আড়াই বছর আগে জাতির সামনে উপস্থাপন করেছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মতামত দিয়েছে, তবে গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, মানুষের নিরাপত্তা ও কর্মসংস্থানের বিষয়ে বিএনপির কোনো আপত্তি নেই, বরং আমরা তা নিশ্চিত করতে চাই।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমাদের সকলকে সচেতন থাকতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিটি সৈনিকের দায়িত্ব হচ্ছে বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে। দলের নাম ভাঙিয়ে বিভ্রান্তি ছড়াতে না পারে—এটা আপনাদের নিশ্চিত করতে হবে।”

তিনি জোর দিয়ে বলেন, বিএনপির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জনগণ। “আমাদের জনগণের সাথে থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে এবং জনগণকে আমাদের পাশে রাখতে হবে। যেকোনো মূল্যে এটি নিশ্চিত করতে হবে।”