রাজনীতি
বিএনপির বিরুদ্ধে অভিযোগই বেশি প্রচার করছে গণমাধ্যম: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, বিভিন্ন অপরাধে জামায়াতসহ অন্যান্য দলের নেতাদের নাম এলেও গণমাধ্যমগুলো বিএনপির বিরুদ্ধে আনা অভিযোগকেই বেশি গুরুত্ব দিয়ে প্রচার করছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ: নাগরিক ও জাতিবাদী জাতীয়তাবাদের সংকট’ শীর্ষক বইয়ের আলোচনাসভায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপি অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে, সেটা গণমাধ্যমগুলো ফলাও করে প্রচার করছে না। অথচ বিএনপির বিরুদ্ধে আনা অভিযোগগুলোই বেশি গুরুত্ব পাচ্ছে।’
ডাকসু প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, ‘ডাকসু নির্বাচিত প্রতিনিধিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোকানে দোকানে গিয়ে জরিমানা করছে। এরপর সেই টাকা নিজেদের বায়তুল মালে জমা দিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় কোনো এতিমখানা নয় যে, ১০০ খাট সহায়তা দিয়ে প্রচারণা চালানো হবে।’
দেশের সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য নষ্ট করার জন্য ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।