রাজনীতি

পিআর পদ্ধতি খায় না মাথায় দেয়, এখনও বুঝি না: গয়েশ্বর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম

পিআর পদ্ধতি খায় না মাথায় দেয়, এখনও বুঝি না: গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার প্রবর্তিত পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি সম্পর্কে তিনি এখনও বিভ্রান্ত। ব্যঙ্গাত্মক সুরে মন্তব্য করে তিনি বলেন, “পিআর পদ্ধতি খায় না মাথায় দেয়, এখনও বুঝি না।”

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর লালবাগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশের খেলার মাঠে, যেখানে ঢাকা-৭ আসনের বিভিন্ন পূজা কমিটির নেতাদের সঙ্গে দেখা করেন গয়েশ্বর।

তিনি বলেন, “আমরা চুপ করে আছি নির্বাচনের স্বার্থে। আমাদের কেউ যেন এটা দুর্বলতা মনে না করে। এরশাদের মতো স্বৈরাচারের বিরুদ্ধে যদি আন্দোলন করতে পারি, তাহলে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধেও পারি। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আদায় করা আমাদের জন্য কঠিন কিছু নয়।”

গয়েশ্বর চন্দ্র রায় আশঙ্কা প্রকাশ করে বলেন, “নির্বাচন যদি না হয়, তাহলে ফ্যাসিবাদই লাভবান হবে।”

বিএনপির প্রার্থী প্রত্যাশীদের উদ্দেশে তিনি বলেন, “আগে ধানের শীষে ভোট নিশ্চিত করেন। যদি আলাদা আলাদা করে সবাই ভোট চান, তাহলে জনগণ বিভ্রান্ত হবে, আর কর্মীরা বিভক্ত হয়ে পড়বে। মনোনয়ন পাওয়ার পর ঐক্য গড়ে তোলা তখন হবে কঠিন।”

তিনি আরও সতর্ক করে বলেন, “সামনে দুর্গাপূজা। ষড়যন্ত্রকারীরা যেন এই উৎসবকে কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে ব্যবহার না করতে পারে, সেদিকে সজাগ থাকতে হবে।”

সরকারের উদ্দেশে ইঙ্গিত করে গয়েশ্বর বলেন, “এই সরকার যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যর্থ হয়, তাহলে আমাদের ১৭ বছরের আন্দোলন, হাজারো নেতাকর্মীর আত্মত্যাগ সবই বৃথা যাবে। তাই এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে সঠিকভাবে এগিয়ে নেওয়া।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন। আরও উপস্থিত ছিলেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ এবং মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মনির হোসেন প্রমুখ।